মাহেন্দ্রার সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফ ও একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা মোটরসাইকেলে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি মাহেন্দ্র গাড়িতে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে সামনের দিক থেকে আসা বালি বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।











