মহালছড়ি ভোটকেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, প্রস্তুতি সম্পন্ন
মহালছড়ি প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট ও ভোটের সরঞ্জাম।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়।
ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, চার্জার লাইটসহ প্রয়োজনীয় সব উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন।
নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে মহালছড়ি উপজেলায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সড়ক-মহাসড়কে সেনা এবং বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। পাশাপাশি ভোটকেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মহড়া দিচ্ছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে মহালছড়ি উপজেলায় মোট ৩৭,৮৮৭ জন ভোটার, ভোটকেন্দ্র ১৪টি। প্রত্যেক ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে এবং পুলিশ বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবেন।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আবু রায়হান জানান, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই বলে জানান তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সন্তোষজনক। বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।
ভোটাররা নিরাপদ পরিবেশে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।











