ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়ি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে ইউএনও আবু রায়হান

  • আপডেট: Thursday, February 5, 2026 - 7:13 pm

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ টিম।
বৃহস্পতিবার সকাল থেকে মহালছড়ি উপজেলার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন শুরু হয়। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো অগ্রাধিকার দিয়ে এ পরিদর্শন কার্যক্রম চলমান।
এ সময় ভোটকেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, ওয়াশব্লক, প্রবেশ ও বের হওয়ার পথ, ভোটগ্রহণ কক্ষের পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শন দলে ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু রায়হান, অফিসার ইনচার্জ মির্জা জহির ও বিজিবির সদস্যরা।
এ সময় যৌথ টিম ভোটকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান বলেন, ‘একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও যৌথবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির বলেন, ভোটাররা যেন ভয়ভীতি ছাড়া কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় নয়।