ঢাকা | মার্চ ২৭, ২০২৬ - ১২:৩৯ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বান্দরবানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • আপডেট: Thursday, March 26, 2026 - 7:32 pm

বান্দরবান প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
সকাল ৫টা ৫০ মিনিট থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান একত্রে অংশগ্রহণ করে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, একত্রিশবার তোপধ্বনি এবং সশস্ত্র সালামের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি, পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঞ্জুরুল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর এবং বান্দরবান সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রায় ২৮০ থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।