ঢাকা | ফেব্রুয়ারী ৪, ২০২৬ - ৩:০৪ অপরাহ্ন

শিরোনাম

মহান বিজয় দিবসে আব্দুর রউফের সমাধিস্থলে বিজিবি সেক্টর কমান্ডারের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

  • আপডেট: Tuesday, December 16, 2025 - 2:55 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মাহুতিদানকারী শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বিজিবি রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি, জি+।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সেক্টর কমান্ডার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে অবস্থিত শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর চৌকস ও সুসজ্জিত গার্ড দলের সদস্যগণ গার্ড অব অনার প্রদান করেন এবং বিউগলের অন্তিম সুরে উপস্থিত সকলে শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির এই সূর্যসন্তানকে। এ সময় সেক্টর কমান্ডার বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস—বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন, যেদিন আমরা পেয়েছিলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের প্রিয় পতাকা। মহান বিজয় দিবসের এই গৌরবোজ্জ্বল দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে পরাধীনতার শিকল ছিন্ন করে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে গর্বিত মুক্তিসেনারা ছিনিয়ে এনেছিল হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয়। বিজয়ের এ দিনে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি এই বাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ০৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম ও ৭৭ জন বীর প্রতীকসহ আত্মোৎসর্গকারী ৮১৭ জন বীর শহীদদের।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ১৯৭১ সালের ২০ এপ্রিল পার্বত্য রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার চেংড়ী খালে প্রতিরক্ষা অবস্থানে থাকাকালীন পাক হানাদার বাহিনীর সৈন্যদলের ২টি লঞ্চ ও ১টি স্পিডবোটকে মেশিনগান দিয়ে গুলি করে নদীতে ডুবিয়ে দেন। তাঁর এহেন বীরত্বপূর্ণ সাহসিকতার ফলে পাক হানাদার বাহিনীর সৈন্যদল পশ্চাদপসরণে বাধ্য হয়। পরবর্তীতে পাক হানাদার বাহিনীর মর্টারের গুলির আঘাতে এই স্থানেই মহান অকুতোভয় বীর শাহাদাত বরণ করেন। তাঁর এই মহান আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হয় আমাদের কষ্টার্জিত স্বাধীনতা। বাংলাদেশ সরকার তাঁর বীরোচিত আত্মত্যাগের জন্য সর্বোচ্চ উপাধি ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করেন।

অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।