মসজিদের ইমামকে টেনেহিঁচড়ে নিয়ে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক।। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় এক মসজিদের ইমামকে তারাবির নামাজ শেষে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে চরকিং ইউনিয়নের ৭ নম্বর চরবগুলা ওয়ার্ডের একটি মসজিদে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মসজিদের ইমাম মাওলানা রবিউল হোসাইনকে তারাবির নামাজ শেষে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের সময়ে তিনি ‘শাপলা কলি’ প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। সেই জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।
অভিযুক্ত হিসেবে ৭ নম্বর ওয়ার্ড চরবগুলা এলাকার শাহাদাত হোসেন (২৪) পিতা: জামাল উদ্দিন; রুবেল (২৬), পিতা: আবুল হোসেন; ওসমান, সুমন, কালা মিরাজসহ আরও অনেকে রয়েছেন।
এ বিষয়ে হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, বিগত সময়ে যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল, তারা এখন বিএনপির আশ্রয়ে সন্ত্রাসী কার্যক্রম পুনরায় শুরু করেছে। প্রশাসনের উচিত সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা।
এদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।











