ঢাকা | মার্চ ২৯, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

মতি পাড়ায় আগুনে পুড়লো মুরগির ফার্মের ২ হাজার মুরগির বাচ্চা

  • আপডেট: Sunday, March 29, 2026 - 7:04 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।। রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মতি পাড়া এলাকায় স্থানীয় খামারি সাজাইউ মারমার ব্যক্তিগত মুরগির ফার্মে আগুন লেগে ২ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় তাঁর ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত খামারি সাজাইউ মারমা।
গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটেছে বলে এই প্রতিবেদককে আজ রবিবার দুপুরে জানান খামারি সাজাইউ মারমা। কোন জায়গা থেকে কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না। এসময় আশেপাশে ৩টি মাত্র ঘর থাকায় তাঁরা ক্ষেতে কাজ করতে যাওয়ায় কেউ আগুন নেভাতে আসতে পারেননি বলে তিনি জানান।
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পাইসুই খই মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে স্থানীয় খামারি সাজাইউ মারমার মুরগির ফার্মের সবগুলো মুরগির বাচ্চা পুড়ে গেছে। এতে তাঁর আর্থিক ক্ষতি হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কান্তি বড়ুয়া বলেন, সাজাইউ মারমা একজন সফল খামারি। গত শুক্রবার তাঁর মুরগির ফার্মে আগুন লেগে প্রায় ২ হাজার বাচ্চা পুড়ে ছাই হয়ে যায়।