ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা
আহমদ বিলাল খান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার, দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল কার্যক্রম চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সেনানিবাসে সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাঙামাটি রিজিয়ন ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে ভোটারদের আস্থা নিশ্চিত করা সেনাবাহিনীর অগ্রাধিকার। তিনি পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সভায় জানানো হয়, সাধারণ ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে স্পর্শকাতর কেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সহায়তা প্রদান করা হবে।
এছাড়াও বিজিবি, পুলিশ, আনসার, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং জেলা নির্বাচন কার্যালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিতভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের অঙ্গীকার করে।











