ঢাকা | মার্চ ২৩, ২০২৬ - ৮:০১ অপরাহ্ন

শিরোনাম

বিএনপির দুই গ্রপের সংঘর্ষে অ্যাডিশনাল এসপিসহ আহত ১৫, মোটরসাইকেলে আগুন

  • আপডেট: Monday, March 23, 2026 - 3:32 pm

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)।। পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাডিশনাল এসপি ও ওসিসহ ১৫ জন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এবং ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা পৌর শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট অতিক্রম করছিলেন। এসময় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থকদের মধ্যে তাদের সংঘর্ষ হয়। এসময় গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন।

সংঘর্ষের একপর্যায়ে হাবিবুর রহমান হাবিবের নির্বাচনের প্রধান কার্যালয়ে ভাঙচুর করেন প্রতিপক্ষরা। এসময় কার্যালয়ের সামনে থাকা দলীয় নেতাকর্মীদের ১৫-২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে ইটের আঘাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার ও ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আতাউল ইসলাম আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

হাবিবুর রহমান হাবিবের সমর্থক মাহাবুর রহমান পলাশ বলেন, ‌‘সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থকরা ঈদের আগের রাতে পৌর শহরের ফতেহমোহাম্মদপুর এলাকায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটান। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা আজ দুপুরে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রেলগেট অতিক্রম করার সময় জাকারিয়া পিন্টুর সমর্থকরা অতর্কিত হামলা চালান।’

এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামলসহ ১৫ জন আহত হন। এদের মধ্যে মোস্তফা নুরে আলম শ্যামলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বক্তব্য জানতে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জাকারিয়া পিন্টুর ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।