বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান সদর উপজেলার মেঘলা পর্যটন সংলগ্ন এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন। এতে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুমিত রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ আরও বিকশিত হবে। নিয়মিত নামাজ ও ধর্মীয় অনুশীলনের মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং সামাজিক সম্প্রীতি জোরদার হবে।
অনুষ্ঠানে কাজী মজিবুর রহমান বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই কেন্দ্রটি ভবিষ্যতে ইসলামিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে নির্মিতব্য চারতলা বিশিষ্ট এ মডেল মসজিদে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এতে পুরুষ ও নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, সম্মেলন কক্ষ, হিফজখানা-মক্তব, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, লাশ গোসলের ব্যবস্থা, প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা, গাড়ি পার্কিং, ইসলামি বইয়ের দোকান, অতিথিশালা এবং ইমাম-মুয়াজ্জিনদের থাকার কক্ষসহ বিভিন্ন সুবিধা সংযোজিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











