বান্দরবানে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারুণী স্নান
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের সাঙ্গু নদীর তীরে আশীর্বাদ সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারুণী স্নান এবার ত্রয়োদশ বর্ষে পদার্পণ করেছে। পবিত্রতা, ভক্তি ও ঐতিহ্যের সমন্বয়ে তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের কাছে গঙ্গা পূজা ও বারুণী স্নান অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। পাপমোচন ও শান্তির লক্ষ্যে সাঙ্গু নদীতে ভক্তদের অংশগ্রহণে হাজার প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা আরতি, ভজন কীর্তন এবং পবিত্র বারুণী স্নানসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বর্ণাঢ্য উৎসব উদযাপিত হবে।
আয়োজনে গঙ্গা পূজা, বারুণী স্নান, হাজার প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা আরতি, ভজন কীর্তন এবং প্রতিমা বিসর্জনের মতো বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এদিন গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ-শান্তি আসে।
আশীর্বাদ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য অসীম রায় (অশ্বিনী) বলেন, “এক যুগ পেরিয়ে বান্দরবানের গঙ্গা পূজা আজ ত্রয়োদশ বর্ষে পদার্পণ করেছে। পবিত্রতা, ভক্তি ও ঐতিহ্যের অনুপম মিলনে আবারও আয়োজন করা হয়েছে শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারুণী স্নানের এই অনুষ্ঠান। গঙ্গার স্নিগ্ধ স্রোতধারায় ধুয়ে যাক সকল ক্লান্তি ও অশুভতা। হাজার প্রদীপের আলোকমালা, গঙ্গা আরতি, মহানামযজ্ঞ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সাঙ্গু নদীর তীর মুখরিত হয়ে উঠবে।”
তিনি আরও জানান, ভক্তি, আনন্দ ও মিলনমেলার এই পুণ্য মুহূর্তে সবাই একসাথে প্রার্থনার শান্তি ও মহাপ্রসাদের আনন্দ ভাগাভাগি করবেন। পরিবার-পরিজনসহ সকল ভক্তকে এ ধর্মীয় আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকরা জানান, বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী বুধবার (১৮ মার্চ) সকাল ৮টায় পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।











