বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাশিক্ষকদের সঙ্গে ড. মাসুদের মতবিনিময় ও ইফতার মাহফিল
মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে কলেজ, মাদ্রাসা ও স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসদ বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও নিষ্ঠার মাধ্যমেই আগামী প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত করতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, বাউফলের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে শিক্ষক ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুল প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।











