ঢাকা | ফেব্রুয়ারী ২০, ২০২৬ - ১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

বাউফলে মা-ছেলেকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

  • আপডেট: Thursday, February 19, 2026 - 8:30 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে ময়লা পানির পাইপকে কেন্দ্র করে সংঘর্ষে জাহানারা বেগম (৬০) ও তার ছেলে অলিউর রহমান (৩২) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরাইনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আলম ব্যাপারীর বাড়ি থেকে বের হওয়া একটি ময়লা পানির পাইপ পাশের কৃষি জমির দিকে প্রবাহিত হচ্ছিল। এতে অলিউর রহমানের চাষকৃত মুগডালের ক্ষেতে পানি গিয়ে ফসলের ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে অলিউর রহমান পাইপটি ভেঙে ফেলেন।

এ ঘটনার জের ধরে আলম ব্যাপারীর নেতৃত্বে রুম্মান, আলাউদ্দিন ব্যাপারী ও নাজমা বেগম হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী জাহানারা বেগ। হামলায় জাহানারা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অলিউর রহমানও আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা দেন।

তবে অভিযুক্ত আলম ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাড়িতে তারা হামলা চালিয়েছে। আমি বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের নিজেদের আঘাতেই জাহানারা আহত হন।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন , এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।