বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ২০
আন্তর্জাতিক ডেস্ক।। বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বলিভীয় পুলিশ জানিয়েছে, সি-১৩০ হারকিউলিস মডেলের বিশাল ওই পরিবহণ বিমানটি বিপুল পরিমাণ ব্যাংক নোট বা নগদ টাকা বহন করছিল। খবর বার্তা সংস্থা এএফপির।
এল আল্টো পুলিশের হোমিসাইড বিভাগের প্রধান কর্নেল রেনে তাম্বো সাংবাদিকদের নিশ্চিত করেন, এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ১৫ জন নিহতের খবর জানানো হয়েছিল। বিমানটি অবতরণের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এরপর পাশের একটি জনাকীর্ণ সড়কে আছড়ে পড়ে। এতে রাস্তায় থাকা অন্তত একটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায় ও বেশ কিছু ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ভেতর থেকে ছড়িয়ে পড়া টাকা সংগ্রহ করতে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। উদ্ধারকারী দল এখনও ধ্বংসাবশেষের নিচে কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বলিভিয়া সরকার।











