বন্যা ও ভূমিধসে বিচ্ছিন্ন বান্দরবান-রোয়াংছড়ি সড়ক, বিজিবির তৎপরতায় যোগাযোগ পুনরুদ্ধার
বান্দরবান প্রতিনিধি:
বিগত দুই দিনের টানা অতিবৃষ্টি, বন্যা ও ভয়াবহ ভূমিধসে বান্দরবানের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস ও গাছ উপড়ে পড়ায় বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এমন পরিস্থিতিতে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার বান্দরবানের সদস্যরা দ্রুত উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা সড়কের ওপর উপড়ে পড়া গাছ, মাটি ও অন্যান্য ধ্বংসাবশেষ অপসারণ করে অল্প সময়ের মধ্যেই বান্দরবান-রোয়াংছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হন।
শুধু সড়ক যোগাযোগ পুনরুদ্ধারেই নয়, ঝড় ও গাছ পড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি মেরামতের কাজেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছেন বিজিবি সদস্যরা। দ্রুত বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা সচল করতে তাদের এই সমন্বিত কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের শুরু থেকেই বিজিবি সদস্যদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে বড় ধরনের সংকট এড়ানো সম্ভব হয়েছে। তাদের আন্তরিকতা ও মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুর্ভোগ অনেকটাই কমেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, পুনরুদ্ধার এবং জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।










