ফরিদপুরে একসঙ্গে তিনজনকে কুপিয়ে হত্যা, আরেকজন গুরুতর আহত
ফরিদপুর সংবাদদাতা।। ফরিদপুরে দাদি ও ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের গদাধর ডাঙ্গী গ্রামে এই নির্মম ঘটনা ঘটে।
অভিযুক্ত আকাশ মোল্যা (২৫) ওই এলাকার হারুন মোল্যার ছেলে। তিনি মানসিক বিকারগ্রস্ত বলে দাবি নিহতের স্বজনদের।
নিহতরা হলেন– আকাশের দাদি আমেনা বেগম (৭০), ফুফু রাহেলা বেগম (৪৩) ও প্রতিবেশী কাবুল আহমেদ। মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত রাহেলার মেয়ে তাসলিমা জানান, আকাশের বোন ৫/৬ দিন আগে অসুস্থ হলে তাকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার মামী। বাড়িতে তেমন লোক না থাকায় তার মা এখানে এসেছিলেন। তার মামাতো ভাই আকাশ পাঁচ ভাই এক বোনের মধ্যে মেজো।
তাসলিমা জানান, আকাশ বক্ষব্যাধি হাসপাতালে চাকরি করতেন। বছর পাঁচেক আগে মানসিক সমস্যার কারণে তার চাকরি চলে যায়। এরপর বেশ কিছুদিন চিকিৎসার পরেও মানসিক রোগে ভুগছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রত্যেককে মাথায় কোদাল দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করা হয়। আমেনা বেগম ও রাহেলা বেগমকেকে হত্যার সময় প্রতিবেশী কাবুল আহমেদ ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে মেরে ফেলা হয়।
আহত রিয়াজুল ইসলাম জানান, আকাশদের বাড়ির ভেতর অস্বাভাবিক শব্দ শুনে ভেতরে গিয়ে তিনজনের মরদেহ উঠানে পড়ে থাকতে দেখেন তিনি। আকাশ পালানোর সময় তাকেও কুপিয়ে আহত করে।
জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, ঘাতক দীর্ঘদিন যাবৎ মানসিক বিকারগ্রস্ত ছিল বলে প্রথমিক ভাবে জানা যায়। সংবাদ পেয়ে জেলা পুলিশ, র্যাব, পিবিআই সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতককে ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।











