ঢাকা | এপ্রিল ১০, ২০২৬ - ৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

প্লাটফর্ম দ্য ক্লাইমেট ওয়াচ ও জি-টেভ’র উদ্যোগে “সবুজ সমাবেশ” অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, April 9, 2026 - 11:38 pm

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাটফর্ম দ্য ক্লাইমেট ওয়াচ ও জি-টেভ’র উদ্যোগে “সবুজ সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, খাদ্য অপচয়, পানি সংরক্ষণ ও বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা ও কার্যক্রম পরিচালিত হয়।

এসময় অংশগ্রহণকারীরা বাস্তব জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা লাভ করে।

 

আয়োজকরা জানান, বর্তমান সময়ে খাদ্য, পানি ও বিদ্যুতের অপচয় পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে নগরীর বর্জ্য, পানি নিষ্কাশন ও পরিবেশের সামগ্রিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণ গড়ে তোলাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য।

এসময় শিক্ষার্থীদের বাগান কার্যক্রমে উৎসাহিত করতে বিভিন্ন প্রকার সবজির বীজ সরবরাহ করা হয় এবং বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরির বিষয়টি হাতে কলমে শেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন মো. ইকবাল আজম চৌধুরী, সিনিয়র শিক্ষক (বাংলা)।

কার্যক্রমটি পরিচালনা ও বাস্তবায়ন করেন জিপিএইচ ইস্পাত লিমিটেড এ কর্মরত সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ও জি-টেভ এর সাংগঠনিক বিভাগীয় প্রধান মো. তৌহিদুল ইসলাম, আবুল খায়ের স্টিল প্রোডাক্ট লিমিটেড এ কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী আনোয়ার-উস-সাকলাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মো. শাহরিয়ার ইসলাম, মশিউর ইসলাম রাজু, মো. সাখাওয়াতুর রহমান, মো. শহিদুল ইসলাম প্রমূখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং বাস্তব জীবনে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে।

 

উল্লেখ্য প্লাটফর্ম দ্য ক্লাইমেট ওয়াচ ও গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং জি-টেভ পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সচেতন ও টেকসই প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও সংগঠনে পক্ষ থেকে জানানো হয়েছে।