প্রতিবছর ৫ কোটি গাছ লাগাবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, মোংলা।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খাল পুনঃ খননের মধ্যদিয়ে মোংলায় জীবন-জীবিকায় নতুন করে পরিবর্তন ঘটবে। পর্যায়ক্রমে যাতে সকল খাল পুনঃ খনন করা যায় সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আজ শনিবার দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের মাদুরপাল্টা এলাকায় ৪টি খাল পুনঃ খননের প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গাছ লাগানোর ক্ষেত্রে সামাজিক বিপ্লব ঘটাতে হবে। তাপমাত্রা ও প্রকৃতির পরিবর্তনে খাপখাওয়াতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। এই সরকারের প্রথম বছরেই সারাদেশে ৫ কোটি গাছ লাগানো হবে। তাতে ৫ বছরে লাগানো হবে ২৫ কোটি গাছ। এতে সাড়ে ৩ লাখ মানুষের সবুজ কর্মসংস্থান হবে। আর জলবায়ু পরিবর্তনজনিত কারণে অধিক ঝুঁকি ও ক্ষতিতে থাকা সুন্দরবন উপকূলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাতে উপকূলের মানুষ যেমনি ভাল থাকবে তেমনি উপকূলের প্রাণ-প্রকৃতিও সমৃদ্ধ হবে।
জানা যায়, বেসরকারী উন্নয়ন সংস্থা সিএনআরএস’র নবপল্লব প্রকল্পের আওতায় মাদুরপাল্টা খাল, ভোলা নদী, পালেরখন্ড খাল ও বেনীরখন্ড খাল খনন করা হচ্ছে। প্রায় সাড়ে ৮ কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। আগামী মার্চ মাসের মধ্যেই এ খাল খনন কাজ শেষ হবার কথা রয়েছে।
এর আগে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও নিজে মাটি কেটে খাল পুনঃ খননের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অনেকে উপস্থিত ছিলেন।











