ঢাকা | মার্চ ৩১, ২০২৬ - ৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম

পদ্মায় নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেট: Tuesday, March 31, 2026 - 11:29 am

মুন্সীগঞ্জ সংবাদদাতা।। মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে ওঠে।

আরাফাত শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে আরাফাত তার চার বন্ধুর সঙ্গে মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নামে। নদীতে নামার পর প্রবল স্রোতে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। টানা ৪৩ ঘণ্টা অনুসন্ধানের পর আজ সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই তার মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।