ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আলীকদম সেনা জোনের প্রস্তুতি সভা 

  • আপডেট: Thursday, February 5, 2026 - 7:13 pm

আলীকদম প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আলীকদম সেনা জোনের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি (অধিনায়ক, ৩১ বীর)।
সভায় আলীকদম ও লামা উপজেলার আওতাধীন সকল ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ভোটারদের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিতকরণ এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর কর্মকর্তা ছাড়াও উপজেলা প্রশাসন, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে জোন কমান্ডার স্থানীয় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন।
প্রধান অতিথি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সংবিধান স্বীকৃত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এর শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বাস্তবায়ন দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য ও নিরাপত্তাগত সংবেদনশীলতা বিবেচনায় নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করবে।
সভায় শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।