ধানের শীষের এজেন্ট সেজে কক্ষে যুবক, চেনেন না প্রিজাইডিং কর্মকর্তা
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা।। নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের একটি স্কুলে ফখরুল ইসলাম নামের এক বহিরাগত ব্যক্তি ধানের শীষের পোলিং এজেন্ট সেজে ভোটকক্ষে অবস্থান করছেন। তার গলায় বিএনপি মনোনীত প্রার্থীর লিফলেট ঝোলানো অবস্থায় দেখা গিয়েছে। তবে প্রিজাইডিং কর্মকর্তার ভাষ্য, তিনি ওই বহিরাগতকে চেনেন না।
আজ বৃহস্পতিবার সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে।
কেন্দ্রের বুথে প্রবেশ করে দেখা গেছে, ধানের শীষের লিফলেট পরিহিত ফখরুল ইসলাম নামের ওই ব্যক্তি পুরুষ কেন্দ্রের এজেন্টের রুমে প্রবেশ করে ভোটারদের সঙ্গে কথাবার্তা বলছেন। ওই ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হলে তিনি নিজেকে এজেন্ট বলে পরিচয় দেন। তবে প্রিজাইডিং অফিসারের কাগজের তথ্যমতে ফখরুল নামক কোনো এজেন্টের মাম পাওয়া যায়নি।
এদিকে শুধু ফখরুলই নয়, এই কেন্দ্রের অন্যান্য পোলিং এজেন্টদের পরিচয়পত্রের ফর্মেও ঘাটতি চোখে পড়েছে। তাদের অধিকাংশের গলায় ঝুলানো পরিচয়পত্রে ছবি এবং নাম লেখা পাওয়া যায়নি।
এ বিষয়ে ফখরুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ধানের শীষের এজেন্ট হিসেবে এখানে বসে আছি। লিফলেট গলায় ঝুলানো নিষেধ, এটা আমার জানা নেই। এখানে কোনো ভোট চুরি হচ্ছে না, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে।
বিষয়টি স্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা মোয়াজ্জেনুল হক জানান, বহিরাগত ব্যক্তির এজেন্ট হওয়ার বিষয়ে আমার জানা নেই। তিনি যেহেতু ধরা পড়েছেন, আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
প্রার্থীর লিফলেট গলায় ঝুলিয়ে প্রকাশ্যে এমন কর্মকাণ্ডের প্রশ্নে তিনি বলেন, আমার ভুল হয়ে গেছে। আমি তাদের খেয়াল করিনি।











