ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

দেশের শিক্ষানীতিকে নতুন করে ঢেলে সাজাতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

  • আপডেট: Tuesday, March 3, 2026 - 8:22 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের শিক্ষানীতিকে সময়োপযোগী ও আদর্শভিত্তিকভাবে নতুন করে ঢেলে সাজাতে হবে।

তিনি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর জোর দিয়ে বলেন, বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুর–এর জীবনী জানার সুযোগ পেলেও আল্লাহর রাসূল (সা.), সাহাবায়ে কেরাম ও পবিত্র কুরআনের শিক্ষা যথাযথভাবে অর্জনের সুযোগ পায় না।

তিনি বলেন, “শুধু ট্যালেন্টপুল বা ভালো ফলাফল দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে না; শিক্ষাকে হতে হবে নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ। আমাদের শিক্ষার্থীদের জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১২ টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আমাদের মুখ উজ্জ্বল করেছ, পরিবার ও বাউফলেকে সম্মানিত করেছ। অর্জন করা সহজ, কিন্তু অর্জন ধরে রাখা আরও কঠিন। শুধু ভালো ফল করলেই চলবে না, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, “আজ তোমাদের হাতে যে ক্রেস্ট, উপহার ও রজনীগন্ধার ফুল তুলে দেওয়া হচ্ছে, এটা শুধু ক্রেস্ট ও ফুল নয় এটা ভবিষ্যতের বড় দায়িত্বের বোঝা । আমরা সংবর্ধনা দিচ্ছি আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং দেশ-বিদেশের উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের”
সংসদ সদস্য বলেন, “আমরা ভোট চেয়েছি মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে। গরু চুরি, রিকশা চুরি, ব্যাটারি চুরি কিংবা তরমুজ চুরির মতো অপরাধের পেছনে বড় কারণ মাদক। মাদক নির্মূল করা গেলে সমাজে অপরাধ অনেকাংশে কমে যাবে।

তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে এক সপ্তাহের মধ্যেই মাদক নির্মূল সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
ড. মাসুদ বলেন, “চরিত্র ছাড়া ক্যারিয়ার গঠন উন্মুক্ত সিংহের চেয়েও ভয়ংকর। ইসমাইল (আ.)-এর মতো সন্তান পেতে হলে হযরত ইব্রাহিম (আ.) ও হাজেরা (আ.)–এর মতো বাবা-মা হতে হবে।

তিনি আরও বলেন, “আমি এমপি বা জনপ্রতিনিধি নই, আমি মানুষের সেবক। মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত ও দুর্নীতিমুক্ত আধুনিক বাউফল গড়তে চাই।” এ লক্ষ্যে ইমাম-খতিব, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের কথাও জানান তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সভাপতি লিমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় ও দাওয়া সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, সাবেক কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান নজরুল, সাবেক জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নুর, মুজাহিদুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান।

অনুষ্ঠানে বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পঞ্চম ও অষ্টম শ্রেণির সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোট ১৬৬ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও উপহার হিসেবে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।