ঢাকা | জুন ১৪, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গম পাহাড়ে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

  • আপডেট: Saturday, June 13, 2026 - 9:05 pm

রাজস্থলী প্রতিনিধি।।

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের অধীন কাপ্তাই জোন (প্রযত্নে ৩৮ বীর) এর তত্ত্বাবধানে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ শনিবার (১৩ জুন ২০২৬) রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার রাইখালী ইউনিয়নের পানছড়ি পাড়ায় এই মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর একটি চৌকস মেডিক্যাল টিমের মাধ্যমে আয়োজিত এ ক্যাম্পেইনে পানছড়ি, ধনুছড়ি, নারানগিরি উঁচু পাড়া, লম্বাছড়িসহ আশপাশের প্রত্যন্ত এলাকার ৭৩ জন পাহাড়ি রোগী বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পান।

দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ থাকা এই এলাকায় স্থানীয়দের মৌলিক চিকিৎসা চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলাকাটিতে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক কিংবা ফার্মেসি সুবিধা না থাকায় সাধারণ মানুষকে ন্যূনতম চিকিৎসার জন্যও দূরবর্তী উপজেলা সদরে যেতে হয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, এমন মানবিক উদ্যোগ তাদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও লাঘব করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দুর্গম ও প্রত্যন্ত এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ধরনের উদ্যোগ দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর আস্থা ও ঘনিষ্ঠ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।