ঢাকা | মার্চ ৩০, ২০২৬ - ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম

দীর্ঘ সারি, নেই বিশৃঙ্খলা: কাপ্তাই উপজেলা সদরে তেল বিতরণে স্বস্তি

  • আপডেট: Monday, March 30, 2026 - 7:04 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় অবস্থিত আশা ওয়েল দোকানে সোমবার (৩০ মার্চ) সকাল থেকেই জ্বালানি তেল সংগ্রহে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মোটরসাইকেল আরোহীরা। ভোরের পর থেকেই ক্রেতাদের দীর্ঘ সারি দোকানের সামনে জমতে শুরু করে, যা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে।
১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাসেম মেম্বার জানান, জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে সকাল থেকেই বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহী দোকানে এসে শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেন। পুরো কার্যক্রমে যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না ঘটে, সে লক্ষ্যে কঠোর নজরদারি ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ক্রেতাদের মাঝে তেল বিতরণ করা হচ্ছে।
তেল বিতরণ কার্যক্রমে আমি সকাল থেকে এখানে তদারকি করছি। “সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে স্বচ্ছতা ও নিয়ম মেনে তেল বিতরণ করা হচ্ছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ রাখা হচ্ছে না।”
এসময় কথা হয় মোটরসাইকেল আরোহী উচাসিং মারমা, মো. ইকবাল, মো. শাহনেওয়াজ, রবি দাশের সঙ্গে। তাঁরা বলেন, এখানে লাইনে দাঁড়িয়ে আধা ঘণ্টার মধ্যে আমরা তেল পাচ্ছি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, তেল বিতরণ কার্যক্রমে তদারকি করার জন্য ইতিমধ্যে উপজেলার ২টি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জনগণ আমাদেরকে সহযোগিতা করছে এবং প্রয়োজনের অতিরিক্ত তেল না নেওয়ায় তেল বিতরণে স্বস্তি এসেছে।
ছবির ক্যাপশন: কাপ্তাই উপজেলা সদরে তেল নিতে দীর্ঘ লাইন।।