দাঁড়িপাল্লায় ভোট দেওয়া বউকে তালাকের নির্দেশ বিএনপি এমপির
জেলা প্রতিনিধি, কুমিল্লা।। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেসব নেতাকর্মীর বউ দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, তাদের বউকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া।
গত মঙ্গলবার লালমাই উপজেলার বাগমারা বাজারে দেওয়া বক্তব্যে নেতাকর্মীদের এ নির্দেশ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এ সদস্য। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এক মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ‘এগুলায় বলে ‘আমি কী করতাম?’ সে নাকি কথা দিয়ে ফেলেছে। তাইলে তুই হেতিরে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার দলে কিছু মোনাফিক আছে, যারা বিএনপি করে কিন্তু ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়। অর্থ দিয়েও জামায়াতকে সহযোগিতা করেছে। আবার কেউ কেউ আছে, যারা বিএনপি নেতা হলেও তাদের বউ ভোট দিয়েছে জামায়াতকে।
বিএনপির মনোনয়নে নির্বাচিত এ এমপি বলেন, যারা নির্বাচনের আগে আমার বিরোধিতা করেছে, তারাই এখন ঢাকায় যাইয়া আমার লগে সেলফি তোলে। সেলফি তুইলা দোষ ঢাকতে চায়। আমি বলি, আরে চিটিং তুই এতদিন কই ছিলি। নির্বাচনের দিন কই ছিলি।
তিনি আরো বলেন, আমার কাছে পাত্তা না পাইয়া এ হাইব্রিডগুলা আমার বদনাম করে। বলে কি না, ‘নেতা খারাপ ব্যাবহার করে’।
এ বিষয়ে জানতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।











