তিন শর্তে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারের মোটরসাইকেল
ডেস্ক রিপোর্ট।। মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা এখন থেকে দিনে সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রল নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে এটি শুধুমাত্র মহানগর এলাকার জন্য প্রযোজ্য হবে।
মঙ্গলবার (১০ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নির্দিষ্ট কিছু শর্ত মেনে মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।
বিপিসির দেওয়া শর্তগুলো হলো—
১. ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় মোটরসাইকেল রাইড শেয়ার চালককে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে।
২. প্রতিবার জ্বালানি তেল নেওয়ার সময় আগের ক্রয় রশিদ বা বিলের মূল কপি জমা দিতে হবে।
৩. মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাই করে জ্বালানি তেল সরবরাহ করতে হবে।
বিপিসি জানিয়েছে, এসব শর্ত মেনে রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকরা প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।











