তনু হত্যা মামলায় ১০ বছর পর একজন গ্রেপ্তার
কুমিল্লা জেলা প্রতিনিধি।। কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আটক সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
তনুর ভাই রুবেল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তনু হত্যাকাণ্ডের এক দশক পর এটিই প্রথম গ্রেপ্তারের ঘটনা। বর্তমানে তনুর পরিবারের সদস্যরা কুমিল্লা আদালতে অবস্থান করছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চেয়েছিলেন।
তারা হলেন- সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলম।
আদালত সূত্র জানায়, গত এক দশকে এই মামলায় প্রায় ৮০টি শুনানির দিন নির্ধারিত হয়েছে। দীর্ঘ এই সময়ে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা মামলার তদন্তের দায়িত্ব পালন করেছেন।











