ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাপ্তাই উপজেলার জয়: বাঘাইছড়িকে ২-১ গোলে হার

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 8:13 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।

রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে কাপ্তাই উপজেলা দল। বুধবার (১ এপ্রিল) রাঙামাটি চিংহ্লা মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কাপ্তাই উপজেলা ২-১ গোলে বাঘাইছড়ি উপজেলাকে পরাজিত করে।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে ওয়াকিলের করা গোলে বাঘাইছড়ি উপজেলা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কাপ্তাই উপজেলা দল। দলের পক্ষে পরপর দুটি গোল করেন মারুফ এবং মংহাই মারমা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাপ্তাই।

খেলাটি পরিচালনা করেন চট্টগ্রাম থেকে আগত ফিফা তালিকাভুক্ত রেফারি আশরাফুজ্জামান টিটু। ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি পৌরসভার প্রাক্তন মেয়র মোঃ সাইফুল ইসলাম ভুট্টু, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দলের টিম ম্যানেজার মোঃ দিলদার হোসেন, জেলা ক্রীড়া অফিসের সচিব আব্দুল করিম লালু, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় আসলাম খানসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো কাপ্তাই উপজেলা দল বিজয়ী হওয়ায় সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।