টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ৪ ভিকটিম উদ্ধার
এম এ হাসান, টেকনাফ।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলীয় পাহাড়ি এলাকায় পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে চারজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া পাহাড়ি এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, কক্সবাজার জেলার খুরুশকুল ৯ নং ওয়ার্ডের লুলার ডেইল এলাকার মৃত ইউসুফের ছেলে শামসুল আলম (৩৬), একই এলাকার মো. আলমের ছেলে রমজান মিয়া (২৪), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে মো. জিয়াবুল হক (২১) এবং উখিয়ার বালুখালী ৯ নং ক্যাম্পের বাসিন্দা মৃত হাবিব উল্লাহর ছেলে রহিম উল্লাহ (৪৮)।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, উদ্ধারকৃতদের জোরপূর্বক অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছিল। তাদের মধ্যে ৩ জন বাঙালি এবং ১ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে। বাঙালি ৩ যুবককে জোর করে পাচারের তথ্য পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।











