ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

টপটেন ক্রিকেট টুর্নামেন্টে জুনিয়র একাদশকে ৩১ রানে হারিয়ে যুব উন্নয়ন ক্লাব বিজয়ী

  • আপডেট: Tuesday, March 24, 2026 - 8:28 pm

বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মুসলিম ব্লক ক্রিকেট একাদশের উদ্যোগে “টপটেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মুসলিম ব্লক মডেল মসজিদ সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয় এবং পরে প্রথম ম্যাচের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইজ উদ্দিন সাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।

‎এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূরউদ্দিন রাজু।

‎উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুছা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এম আজগর আলী, উপজেলা বিএনপির সদস্য আক্কাস আলী, মোঃ জসিম উদ্দিন, মোঃ সেলিম জাবেদ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক, পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাহার উদ্দিন সরকার ও বিশিষ্ট সমাজসেবক সেলিম জাবেদ মুসা।

‎উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

‎উদ্বোধনী দিনে “পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব” ও “মুসলিম ব্লক জুনিয়র একাদশ”-এর মধ্যকার ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইপূর্ণ, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

‎প্রথমে ব্যাট করে পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব নির্ধারিত ১০ ওভারে ১৪১ রান সংগ্রহ করে প্রতিপক্ষের জন্য একটি চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে মুসলিম ব্লক জুনিয়র একাদশ নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় এবং ৩১ রানে পরাজিত হয়। ফলে প্রথম ম্যাচে জয়লাভ করে পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব।

‎খেলা শেষে মেসার্স ফারুক এন্টারপ্রাইজের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের সম্মাননা প্রদান করা হয় পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের খেলোয়াড় মোঃ রিদোয়ান আরেফিন সিয়ামের হাতে।