ঢাকা | এপ্রিল ৮, ২০২৬ - ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম

জ্বালানি তেলের পাচার ও মজুদ ঠেকাতে বরকলে ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা

  • আপডেট: Wednesday, April 8, 2026 - 5:51 pm

বরকল প্রতিনিধি।।

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ের জিরারখামার এলাকায় ১২ বিজিবি ছোট হরিনা জোন এক জনসচেতনতামূলক সভার আয়োজন করে।

৭ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায়, ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)’র দায়িত্বপূর্ণ তৈবাংছড়া এলাকায় জিরারখামার বিজিবি ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভা আরম্ভ হয়। উক্ত জনসচেতনতামূলক সভায় বর্তমান জ্বালানি সংকটে সীমান্তে জ্বালানি তেল পাচার, মজুদ, মাদক পাচার ও বিভিন্ন বিষয়ে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়। এলাকার জনসাধারণকে অবৈধ মজুদদারি, মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকারক দিক ও এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এলাকায় কোনো অপরিচিত লোকের সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে বিজিবিকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে মিলেমিশে থাকার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। এলাকায় যেন কোনো চাঁদাবাজি না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়া নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং পাচার কাজে সংশ্লিষ্টদের সবার তথ্য জানানো এবং ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।