ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৬ - ২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয় সাংবাদিক সংস্থা-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 9:28 pm

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।

মাহে রমজান উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা (জে এস এস) কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা কমিটির উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও বাজারের মাতবর সুপার মার্কেটস্থ হারুন এন্ড বিরিয়ানি হাউজে রোজাদারদের সম্মানার্থে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম। সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলমের সহায়তায় মাহফিল সম্পন্ন হয়।

মাহফিলে ধর্মীয় আলোচকরা বলেন, মাহে রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়, বরং আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের অনন্য সময়। তারা কোরআনের আলোকে ধৈর্য, তাকওয়া ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা উল্লেখ করেন, রমজানের প্রতিটি দিন মুসলমানদের জন্য নেক আমল অর্জন ও আত্মসংযমের এক নতুন সুযোগ।

“খোশ আমদেদ মাহে রমজান, রমজানের দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন” স্লোগানে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি হাফেজ শামসুল হক আজিজী, খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ শহীদ উল্লাহ মিয়াজী ও ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইমরান উদ্দিন, জালালাবাদ ইউনিয়নের মেম্বার মো. আবু তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল করিম গুননু, মাল্টিমিডিয়া ব্যক্তিত্ব নুরুল হুদা, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীম উদ্দীন, জাতীয়তাবাদী শ্রমিক দল ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ এবং জে এস এস-এর অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হতে পারে। সত্যনিষ্ঠ লেখনীর মাধ্যমে সাংবাদিকরা সমাজের অতন্দ্র প্রহরী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে সভাপতি উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।