ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, February 9, 2026 - 8:46 am

নিজস্ব প্রতিবেদক।। পুরান ঢাকার কলতাবাজার এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে কলতাবাজার ওয়াসা পানির পাম্প সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুরান ঢাকার কলতাবাজার এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে কলতাবাজার ওয়াসা পানির পাম্প সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম রাকিবা (২০)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

পাশের কক্ষে থাকা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শৈলী জানান, সারাদিন রাকিবার রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাত ৯টার দিকে রাকিবার এক বান্ধবী এসে দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রায় ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করার পর বাড়িওয়ালাকে বিষয়টি জানানো হয়। পরে নিচতলা থেকে এক যুবক এসে হাতুড়ি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহত শিক্ষার্থীর ভাই নাঈম হোসেন জানান, রোববার রাতে রাকিবার সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তখন সে মেসে একাই ছিল এবং মাকে জানায়, তার শরীর ভালো নেই, পরে কথা বলবে। এরপর পরিবারের কারও সঙ্গে তার আর যোগাযোগ হয়নি। সোমবার সকালে তার মা একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে রাকিবার বান্ধবীদের বিষয়টি জানান। পরে তারা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে সহায়তায় দরজা ভেঙে রাকিবাকে উদ্ধার করেন।

কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নাজমুল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যা কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এর আগে ঢালাওভাবে কোনো মন্তব্য করতে চাই না।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফেরদৌস হাসান বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ কাজ করছে এবং পরিবারের সদস্যদের জানানো হয়েছে। মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।”