ঢাকা | এপ্রিল ১৩, ২০২৬ - ৯:০৬ অপরাহ্ন

শিরোনাম

ছেলেকে কুপিয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

  • আপডেট: Monday, April 13, 2026 - 4:54 pm

লক্ষ্মীপুর প্রতিনিধি।। লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার পর ভবন থেকে লাফ দিয়ে নাছির আহমদ (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগর এলাকার পেশকার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত নাছির আহমদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। তিনি গত বছরের আগস্টে পুলিশ বাহিনী থেকে অবসরে যান এবং প্রায় সাত বছর ধরে বাঞ্ছানগর এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, নাছিরের বড় ছেলে প্রতিবন্ধী। তাকে নিয়ে নাছিরের স্ত্রী কয়েক দিন আগে বেড়াতে যাওয়ায় বাসায় ছোট ছেলে কলেজছাত্র ইমরান ও নাছির ছিলেন। গত রাতে নাছির অসুস্থ বোধ করলে ছেলে তাকে ওষুধ এনে খাওয়ায়। সকালে ইমরান ঘুমন্ত থাকা অবস্থায় নাছির তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। ইমরান রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে এলে প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাকে বাঁচাতে ও কাপড় পরিয়ে দিতে এগিয়ে যান। এসময় নাছির তাকেও কুপিয়ে জখম করেন। ঘটনা দেখে অপর এক প্রতিবেশী (নাম নাছির) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন সাবেক এই পুলিশ সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজনকে কুপিয়ে জখম করার পর নাছির আহমদ ভবনের তিন তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন ঘণ্টা পর নাছির আহমদের মৃত্যু হয়। আহতদের মধ্যে ইমরান ও স্বপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত নাছিরকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে আনার পর সাবেক কনস্টেবল নাছির মারা যান। আহত বাকি তিনজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

  1. লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।