ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১:০৬ অপরাহ্ন

শিরোনাম

চুশাক পাড়া বৌদ্ধ বিহারে ৫ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা সম্পন্ন

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 2:28 pm

রাজস্থলী সংবাদদাতা।

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন বিহার থেকে অংশ নেওয়া প্রায় শতাধিক দায়ক-দায়িকা নিয়ে রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের চুশাক পাড়া বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় এ বছরও ১৮তম ৫ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা বিভিন্ন ধর্মীয় শিক্ষণীয় দেশনার মধ্য দিয়ে ২৭ জানুয়ারি, মঙ্গলবার বিহার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

চুশাক পাড়া বৌদ্ধ বিহারের পাঁচ দিনব্যাপী বিদর্শন ভাবনা অনুষ্ঠানের সমাপনী দিনে সকালে প্রার্থনা ও দেশনার মধ্য দিয়ে পাড়া এলাকায় মাঠ প্রদক্ষিণ করে পিণ্ড শোভাযাত্রা করা হয় এবং ভিক্ষু সংঘের পিণ্ডদানসহ ধর্মীয় দেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

বিহার কমিটির ব্যবস্থাপনায় গত ২২ জানুয়ারি, শুক্রবার সকাল থেকে শুরু হয় বিদর্শন ভাবনা। জগতের সকল সত্ত্বগণের চিত্তের ক্লেশ বিশুদ্ধির লক্ষ্যে চুশাক পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজিত বিদর্শন ভাবনা অনুশীলন পরিচালনা করেন চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উঃ কিত্তিমা মহাথের। বিদর্শন ভাবনা সমাপনী উপলক্ষে ধ্যানীবৃন্দের পিণ্ডচরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে বলে জানান ভিক্ষুগণ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াইন্নাসিরি, বিহার পরিচালনা কমিটির সভাপতি উনুমং মারমা, ক্যজাইঞো মারমা, সদস্য সচিব মংছোসে মারমা, উবাথোয়াই, ক্যহলাখয়, বাথোয়াইচিং, মংচিং, পাইথুইপ্রু, ক্যচিংনু মারমা প্রমুখ।

কমলছড়ি চুশাক পাড়া এলাকা থেকে ধ্যান করতে আসা উপাসক ও উপাসিকারা জানান, অনেক পুণ্যের ফলে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। আমাদের জানা ও না জানা সত্ত্বেও হয়তো চলার পথে অনেক ভুল করেছি। যেমন শরীরে বা কাপড়ে ময়লা লাগলে আমরা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কিন্তু আমরা মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য কি কোনো চেষ্টা করছি? তাই মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য বিদর্শন ভাবনা অনুশীলন করা সকল মানুষের জীবনে খুবই প্রয়োজন। এই বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে প্রত্যক্ষভাবে মানুষ নিজ ধ্যানের স্বরূপ উপলব্ধি করতে পারে। পাঁচ দিনব্যাপী এই ধ্যান অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হওয়ায় এলাকাবাসী খুবই আনন্দিত।