ঢাকা | ফেব্রুয়ারী ২০, ২০২৬ - ৪:৫৫ অপরাহ্ন

গ্রিসে ৬০ মসজিদ বন্ধ ঘোষণা, বাংলাদেশি ইমামকে দেশে আসার নির্দেশ

  • আপডেট: Friday, February 20, 2026 - 12:04 pm

আন্তর্জাতিক ডেস্ক।। ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাষ্ট্র গ্রিসে থাকা সকল অনিবন্ধিত ও অনুমোদনহীন মসজিদ বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে এমন ৬০টি মসজিদ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের পরিচালিত প্রায় ২০ থেকে ২৫টি মসজিদ থাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দেশটির অভিবাসন ও আশ্রয়নবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস সম্প্রতি এক সংসদীয় কমিটির বৈঠকে জানান, নতুন ‘ল ৫২২৪/২০২৫’-এর ২৮ নম্বর ধারা কার্যকর করে অনুমোদনহীন উপাসনালয়ের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে এথেন্স-এর অ্যাজিওস নিকোলাওস এলাকায় একটি বেজমেন্টে পরিচালিত মসজিদ সিলগালা করা হয়েছে।

অভিযুক্ত বাংলাদেশি ইমামের রেসিডেন্স পারমিট বাতিল করে তার বিরুদ্ধে সরাসরি ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। স্থানীয় এক নাগরিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মসজিদে অভিযান চালায়।

সরকারের ভাষ্য অনুযায়ী, এথেন্সের ভোটানিকস এলাকায় অবস্থিত সরকারি মসজিদটিই মুসলিমদের জন্য একমাত্র অনুমোদিত উপাসনালয়। তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সরকারি মসজিদটি অভিবাসীদের প্রধান বসতি এলাকা থেকে অনেক দূরে হওয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ বা জুমার নামাজ আদায়ের জন্য সেখানে যাওয়া প্রায় অসম্ভব। এ কারণে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ফ্ল্যাট বা বেজমেন্ট ভাড়া নিয়ে অস্থায়ীভাবে মসজিদ পরিচালনা করে আসছিলেন।

বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইমাম ও খতিবদের সঙ্গে জরুরি বৈঠক করা হয়েছে। তিনি বলেন, রমজানে ইবাদত নির্বিঘ্ন রাখা এবং দীর্ঘমেয়াদি আইনি সমাধানে পৌঁছানোই তাদের লক্ষ্য। এ বিষয়ে অন্যান্য মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে।

সাধারণ প্রবাসীদের আশঙ্কা, রমজানে মসজিদগুলো বন্ধ হয়ে গেলে তারাবি ও ঈদের নামাজ আদায় করা কঠিন হয়ে পড়বে। তারা আশা করছেন, মানবিক বিবেচনায় অন্তত রমজান মাসের জন্য সরকার সাময়িক শিথিলতা দেবে।

এ দিকে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেবেন।

জানা গেছে, এথেন্সের অ্যাজিওস নিকোলাওস এলাকায় ভাড়া নেওয়া একটি বেজমেন্টে ওই বাংলাদেশি নাগরিক নিজে ইমামতি করে সেটিকে মসজিদ হিসেবে পরিচালনা করতেন। সেখানে আশপাশের মুসলিম অভিবাসীরা নিয়মিত নামাজ আদায় করতেন এবং জুমার দিন উপস্থিতি বেশি হতো। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে স্থানটিকে অনুমোদনহীন উপাসনালয় হিসেবে সিলগালা করে। পরবর্তীতে আদালত অনুমতি ছাড়া নামাজ পরিচালনার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন।