ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে-মিয়া গোলাম পরওয়ার

  • আপডেট: Tuesday, March 24, 2026 - 9:47 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসমূহে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে। তিনি অভিযোগ করেন, বিএনপি জনরায়কে ভয় পায় আওয়ামী লীগের মতো। তাই তারা স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে, যার পরিণতি শুভ হবে না।

মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার পাবলিক হলে শহর জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি, ফয়সালা আল্লাহই করবেন।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে এবং “ভেজাল ধরার ইলম” অর্জন করতে হবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, “৫ আগস্ট থেকে শিক্ষা নিন। রাজনীতিতে নতুন সংকট সৃষ্টি না করে জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসেবে আমরা পাশে থাকবো।” একইসঙ্গে জাতীয় সংসদের চলমান অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের অভিপ্রায়ই সবচেয়ে বড় আইন এবং মানুষের কল্যাণেই আইন, আদালত ও সংবিধান। তাই অবিলম্বে জনঅভিপ্রায় অনুসারে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপরও দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে জামায়াত ফলাফল মেনে নিয়েছে, তবে অন্যায় ও অনিয়মকে কখনো মেনে নেওয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও বিএনপি স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে, যা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের নিয়োগ অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিবুল্লাহ, সেক্রেটারি জাহেদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা শিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী এবং কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, অধ্যাপক আবু তাহের চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, অধ্যাপক খুরশিদ আলম আনসারী, অ্যাডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, আ ন ম হারুনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।