ঢাকা | এপ্রিল ১১, ২০২৬ - ৮:০১ অপরাহ্ন

শিরোনাম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৭০ ঘণ্টা অনশনে তিন শিক্ষার্থী

  • আপডেট: Saturday, April 11, 2026 - 3:02 pm

নিজস্ব প্রতিবেদক।। গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে বিষয়গুলোকে সংসদে উত্থাপন এবং জনরায়কে বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন তিন শিক্ষার্থী।

বুধবার (৮ এপ্রিল) অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম।

পরে সন্ধ্যায় তার সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান অংশ নেন। পরদিন যোগ দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

তাদের অনশনের প্রায় ৭০ ঘণ্টা পার হয়ে গেছে। গণভোট রায় মেনে নেওয়ার পাশাপাশি তারা গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন এবং গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন।

 

ইতোমধ্যে তাদের সঙ্গে পাবনা-১ আসনের এমপি নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনের এমপি কামাল হোসেন, শেরপুর-১ আসনের এমপি রাশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী সংহতি জানিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের দেখতে রাজু ভাস্কর্যে আসেন।

তিনি তাদের অনশন ভেঙে হলে ফেরত যাওয়ার অনুরোধ করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো সরকার সংশ্লিষ্টদের পৌঁছে দেবেন বলে জানান। তবে অনশনরত শিক্ষার্থীরা তার ডাকে সাড়া দেননি। তারা এখনো অনশন অব্যাহত রেখেছেন।