ঢাকা | এপ্রিল ৭, ২০২৬ - ১:১৬ অপরাহ্ন

শিরোনাম

কোদালা খালে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্গন্ধে অতিষ্ঠ আনোয়ারার বাসিন্দারা

  • আপডেট: Tuesday, April 7, 2026 - 8:30 am

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোদালা খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগ উঠেছে। এতে শত শত মাছ মরে পানিতে ভেসে উঠে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ভোররাতে একটি চিহ্নিত সিন্ডিকেট খালে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। পরে দুপুরের দিকে জোয়ারের পানিতে খালের বিভিন্ন স্থানে মৃত মাছ ভেসে উঠলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। অনেক মাছ পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াতে থাকায় জনজীবনে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

ঘটনার পর এলাকাবাসী উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খালের স্লুইস গেট দিয়ে পানি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মোজাম্মেল ও জমির নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তারা স্লুইস গেটের নিচে জাল বসিয়ে মাছ ধরেন এবং একটি সিন্ডিকেটের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেন। এর আগেও একাধিকবার একইভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তবে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা মিজানুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, “স্লুইস গেট পরিচালনার জন্য পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে দায়িত্ব দেওয়া হয়। কোদালা খালের ক্ষেত্রে এমন কোনো দায়িত্ব দেওয়ার তথ্য আমার জানা নেই।” তিনি আরও জানান, বিষয়টি তদন্তে মঙ্গলবার পাউবোর একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিষ প্রয়োগের কারণে বড় বড় মাছ মরে ভেসে উঠেছে। অনেক মাছ পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়রা লিখিত অভিযোগ দিলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় পরিবেশের ক্ষতি এবং জলজ প্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।