ঢাকা | মার্চ ৫, ২০২৬ - ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ইটবাহী পিক-আপের ধাক্কায় ক্ষতিগ্রস্ত স্টীল ব্রিজ: ভারী যানবাহন চলাচল বন্ধ

  • আপডেট: Thursday, March 5, 2026 - 5:30 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ব্যঙছড়ি এলাকায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া হতে কাপ্তাইগামী একটি ইটবাহী পিকআপ (চট্টমেট্রো ড ১১-২৩৩৪) স্টীলব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে রেলিংয়ের কিছু অংশ পিকআপের বাম পাশে ঢুকে যায়। ফলে এই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে এই সড়কে চলাচলকারী ভারী যানবাহন আটকে যায়।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল। তিনি আরও জানান, উক্ত দুর্ঘটনার পর হোন্ডা ও সিএনজি ব্যতীত অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পিকআপের চালক নজরুল ইসলাম ও হেলপার আবু বক্কর জানান, ব্রিজে উঠতে হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। তবে আমাদের কোনো ক্ষতি হয়নি, পিক-আপের সামনের অংশ নষ্ট হয়েছে।
এদিকে ঘটনাস্থলে কাপ্তাই সেনাবাহিনী, বিজিবি এবং কাপ্তাই থানা পুলিশ সদস্যদের সহায়তায় দুপুর ২টার পর পিক-আপটি স্টীলব্রিজ হতে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।