ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 4:59 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ্চিতকরণে বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত। এ খাতে আরও কার্যকরভাবে কাজ করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) এগিয়ে আসতে হবে।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের প্রজেক্ট কো-অর্ডিনেটর হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং উপজেলা কো-অর্ডিনেটর দয়াল কান্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ক্লিনটন দে, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহআলম, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার সিমসন চাকমা।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও সম্ভাব্য উপকারিতা তুলে ধরে একটি উপস্থাপনা করেন উপজেলা কো-অর্ডিনেটর দয়াল কান্তি চাকমা।

অবহিতকরণ সভায় অংশগ্রহণকারীরা পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও অন্যান্য জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।