ঢাকা | এপ্রিল ৪, ২০২৬ - ৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা

  • আপডেট: Friday, April 3, 2026 - 10:53 pm

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি |

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ‘হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এ অভিযান চালিয়ে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাব টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন কেমিক্যাল রিএজেন্ট সংরক্ষণ করা হচ্ছিল। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বৈধ কেমিক্যাল রিএজেন্ট ছাড়াই বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল বলেও অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।