ঢাকা | ফেব্রুয়ারী ১১, ২০২৬ - ৯:২৬ অপরাহ্ন

শিরোনাম

কঠোর নিরাপত্তায় মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 4:51 pm

স্টাফ রিপোর্টার, মোংলা।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাগেরহাটের মোংলা উপজেলায় ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

আজ বুধবার দুপুর থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমির তত্ত্বাবধানে নির্বাচনি সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।

প্রথমে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হচ্ছে, এরপর কম ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিহীন কেন্দ্রগুলোতে। দূরবর্তী কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ব্যালট বাক্স, অমোচনীয় কালি, ভোটার তালিকা, ব্যালট পেপারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) মোট ভোটকেন্দ্র ১০৬টি। এর মধ্যে মোংলায় ৫২টি এবং রামপালে ৫৪টি। মোংলায় অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৯টি। এ আসনে একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানান, নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দূরবর্তী কেন্দ্রগুলোতে সরঞ্জাম স্কট করে নিয়ে যাচ্ছে নৌবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। মাঠে সার্বক্ষণিক ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।