ঢাকা | মার্চ ২৯, ২০২৬ - ৮:০৩ অপরাহ্ন

শিরোনাম

উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ

  • আপডেট: Sunday, March 29, 2026 - 3:19 pm

নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন।

আজ রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এতে পুরোপুরি বন্ধ রয়েছে তেল সরবরাহ।

শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিও। ফলে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরী নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারীরা গাড়ি থামিয়ে মেরামতের কাজ করছিলেন।

 

সে সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া সেখানে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগ আনেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। এই দণ্ডকে ‘হয়রানিমূলক’ দাবি করে আজ সকাল থেকে কর্মবিরতিতে যান শ্রমিকরা।

 

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, আমাদের শ্রমিকরা চুরির সঙ্গে জড়িত ছিল না, তারা কেবল গাড়ি মেরামত করছিল। অবিলম্বে কারাবন্দি শ্রমিকদের মুক্তি দিতে হবে। এছাড়া অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূঁইয়াকে বদলি না করা হলে আমাদের এই আন্দোলন আরও কঠোর হবে।

 

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ায় আনতে তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা তাদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন। আসলে মোবাইল কোর্টে দেওয়া সাজা থেকে নিঃশর্ত মুক্তির সুযোগ নেই, এ ক্ষেত্রে আপিল করতে হয়। আমরা আপিলের পরামর্শ দিয়েছি। শুনানি হলে কাল-পরশুর মধ্যেই জামিন হয়ে যাবে। তবে তারা বিষয়টি মানছেন না। আশা করছি, বিষয়টি দ্রুত সুরাহা হবে।