ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদের ৩ দিন পরও যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

  • আপডেট: Tuesday, March 24, 2026 - 8:35 pm

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদ বখশিশের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা ও গ্রামীণ রুটে চলাচল করা সিএনজি চালিত অটোরিকশায় যাত্রীদের সাথে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের চতুর্থ দিনেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা।

মহাসড়কের মিরসরাই অংশ ঘুরে দেখা গেছে, বাস, মিনিবাস, সিএনজি ও অটোরিকশাসহ দূরপাল্লা এবং আঞ্চলিক বিভিন্ন যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ ছুটে যাচ্ছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে। আবার অনেকে ছুটি শেষে করে কর্মস্থলে ফিরে যাচ্ছেন।

তবে এই আনন্দযাত্রার মাঝেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে মিরসরাই অংশে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যেখানে ১০ টাকার ভাড়া, সেখানে গুণতে হচ্ছে ২০ টাকা, আবার কোথাও এর চেয়েও বেশি নেওয়া হচ্ছে।

স্থানীয় যাত্রী মো: ইকবাল হোসেন বলেন, ‘ঈদের কারণে মানুষের যাতায়াত বেশি, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে ভাড়া দ্বিগুণ নেওয়া অন্যায়। আমরা বাধ্য হয়েই বেশি ভাড়া দিচ্ছি।’ ফখরুল ইসলাম নামে উত্তরা বাসের এক যাত্রী বলেন, ‘ঈদের দিন ঈদ বখশিশ নিতে পারে। কিন্তু তিনদিন পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া এক ধরনের চাঁদাবাজি।’

অনেক যাত্রী অভিযোগ করেন, ঈদে বারইয়ারহাট-চট্টগ্রামের মাদারবাড়ি রুটে চলাচল করা চয়েস পরিবহনের বাসে ১৩০ টাকার ভাড়া ১৫০ টাকা নেওয়া হচ্ছে। এরা সব সময় অতিরিক্ত ভাড়া নেয় এবং বাসের সিটগুলো ছোট, বসতে অনেক কষ্ট হয়।

উত্তরা বাস চালক জসীম উদ্দিন বলেন, ‘ঈদ উপলক্ষে কেউ যদি পাঁচ থেকে ১০ টাকা বাড়িয়ে দেয় তাহলে নিতে বলেছি। যদি না দেয়, জোর করা হয় না। সবকিছু বেশি দামে কিনতে পারে, গাড়ি ভাড়া একটু বাড়িয়ে দিতে কষ্ট হয় সবার।’

মিরসরাই সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি খানসাব বলেন, ‘ঈদ উপলক্ষে হয়তো কেউ কেউ একটু বেশি ভাড়া নিচ্ছে। কাল থেকে আর বেশি ভাড়া নেবে না।’

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম বলেন, ‘ঈদে যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য আমাদের পর্যাপ্ত টহল কার্যক্রম জোরদার রয়েছে। এছাড়াও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি।’