ঢাকা | মার্চ ১৬, ২০২৬ - ৯:৪৮ পূর্বাহ্ন

ঈদগাঁও থানা পুলিশের হাতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট: Monday, March 16, 2026 - 5:07 am

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও স্বর্ণালংকার চুরির মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ মার্চ রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানার একটি এলাকা থেকে মোহাম্মদ সাঈম উদ্দীন (২২) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ৮ মার্চ রাতে ঈদগাঁও বাসস্টেশন সংলগ্ন মহাসড়কের পশ্চিম পাশে একটি খালি জায়গা থেকে ভুক্তভোগীকে অপহরণ করা হয়। পরে অভিযুক্ত সাঈম উদ্দীন ভুক্তভোগীকে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন আল মিরাজ আবাসিক হোটেলের ১০৩ নম্বর কক্ষে আটকে রাখে। এ সময় ভুক্তভোগীর কাছে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা, চুরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ভুক্তভোগীর বাবা মোহাম্মদ সানা উল্লাহর অভিযোগের প্রেক্ষিতে গত ১২ মার্চ ঈদগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-৭)। মামলার গুরুত্ব বিবেচনায় তদন্তকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান ও এসআই মোঃ আজিমুল হকের সমন্বয়ে গঠিত একটি টিম দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ সাঈম উদ্দীন (২২) চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া (সম্মুদরপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ ইসমাইল।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে ঈদগাঁও থানা পুলিশ সর্বদা সচেষ্ট ও আপসহীন।