ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে এলাকার উন্নয়নে অনলাইন সাংবাদিকতা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Friday, March 13, 2026 - 10:54 pm

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁওতে এলাকার সার্বিক উন্নয়নে অনলাইন সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ঈদগাঁও নিউজ ডট কমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল “এলাকার সার্বিক উন্নয়নে অনলাইন সাংবাদিকতা: প্রেক্ষিত ঈদগাঁও”। এতে ঈদগাঁও নিউজ ডট কমের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিম অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংযম, সহানুভূতি, নিয়মানুবর্তিতা ও অনুধাবন হচ্ছে পবিত্র মাহে রমজানের মৌলিক শিক্ষা। রমজান আমাদের কাছে আল্লাহর এক অফুরন্ত নেয়ামত। সিয়াম সাধনার মাধ্যমে এ নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের সকলের কর্তব্য।

ঈদগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদগাঁও উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক আজিজী, খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, যুবদল ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি কামাল হোছাইন মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী এবং ধরিত্রী রক্ষায় আমরা–ধরা’র ঈদগাঁও উপজেলা শাখার নেতা মিজানুর রহমান।

আলোচকরা বলেন, সাংবাদিকদের সমাজের দুঃখ-দুর্দশা তুলে ধরতে হবে এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকদের কোনো নির্দিষ্ট বন্ধু না থাকলেও সমাজে তাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে। দেশ, সমাজ ও জাতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বক্তারা আরও বলেন, বর্তমান অনলাইন সাংবাদিকতার যুগে পৃথিবী এখন হাতের মুঠোয়। যেকোনো সংবাদ মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। অনলাইন সাংবাদিকতা সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যুক্ত করেছে। সুষ্ঠু পরিকল্পনা ও নিয়মতান্ত্রিক পরিচালনার মাধ্যমে এ খাতকে কাজে লাগানো গেলে দেশ ও জাতি উপকৃত হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আমীনুর রশিদ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শামসুল হক আজিজী। পরে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতারের খাবারের প্যাকেট বিতরণ করা হয়।