ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম

আমিরাতে আর ফেরা হবে না মিরসরাই প্রবাসী আসিফের

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 3:49 pm

মিরসরাই প্রতিনিধি।।

দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি মুছে দিতে এক চিলতে স্বস্তির খোঁজে দেশে ফিরে ছিলেন মিরসরাইয়ের আসিফ। পরদেশে ব্যবসার পরিস্থিতি কিছুটা প্রতিকূল হওয়ায় বুকভরা আশা নিয়ে এসেছিলেন মাটির টানে। তার কিছু বন্ধুর সাথে কথা বলে জানা যায়, পরিস্থিতি না ফিরলে ঘুরে দাঁড়াতে বিকল্প কোনো কর্মসংস্থান খুঁজে নেবেন। কত শত রঙিন স্বপ্ন আর পরিবারের ভবিষ্যতের নীল নকশা এঁকেছিলেন বুকের গভীরে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই স্বপ্নের পথেই চিরস্থায়ী দেয়াল হয়ে দাঁড়ালো মৃত্যু।

স্বপ্নগুলো ডানা মেলার আগেই নিভে গেল এক উজ্জ্বল প্রাণের প্রদীপ। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় ১০টার সময় চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আসিফ (৩৫)।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জ থানার ৫নং ওসমানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এরাদমিয়া চেয়ারম্যান বাড়ীর মোহাম্মদ আলমের জ্যেষ্ঠ সন্তান ছিলেন আসিফ। তিনি রেখে গেছেন এক কন্যাসন্তান (৫), প্রায় ৩ বছর বয়সী এক পুত্র এবং শোকাতুর স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী।

যে বাবা কয়েকদিন পর আবারও লড়াকু সৈনিক হয়ে প্রবাসে ফেরার কথা ছিল, তার নিথর দেহ দেখে অবুঝ সন্তানদের কান্নায় আজ মিরসরাইয়ের বাতাস ভারী হয়ে উঠেছে। তার এই আকস্মিক বিদায়ে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।