ঢাকা | এপ্রিল ১৩, ২০২৬ - ৯:১০ অপরাহ্ন

শিরোনাম

আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রীকে বুলবুল

  • আপডেট: Monday, April 13, 2026 - 5:07 pm

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে তিনি ‘ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেছেন এবং নিজেকে এখনও বৈধ সভাপতি দাবি করেছেন।

একটি জাতীয় দৈনিককে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে বুলবুল বলেন, আনুষ্ঠানিকভাবে আমিই এখনো বিসিবি সভাপতি। যারা বোর্ড ভেঙেছে, তারা তা করতে পারে না তাদের সেই এখতিয়ার নেই।

তিনি জানান, বোর্ড ভেঙে দেওয়ার দিন তিনি খালেদ মাসুদ পাইলটকে নিয়ে পূর্বাচলে মাঠ পরিদর্শনে ছিলেন। ফিরে এসে আকস্মিকভাবে বোর্ড ভেঙে দেওয়ার খবর পান।

হঠাৎ করে মনে হলো আমাদের অফিসটা রাজনৈতিক অফিস হয়ে গেছে। শত শত লোক আসা-যাওয়া শুরু করল। একপর্যায়ে পাইলট আমাকে বলল, ভাই চলেন চলে যাই। আমরা মানসম্মান নিয়ে সেখান থেকে বের হয়ে আসি, যোগ করেন তিনি।

বুলবুলের দাবি, বর্তমান পরিস্থিতিতেও তার নেতৃত্বাধীন বোর্ডই বৈধ। আমাদের মানসম্মান আছে। আমরা জিনিসপত্র ফেলে চলে এসেছি। কিন্তু আমি বিশ্বাস করি, এখনো আমরাই বৈধ ক্রিকেট বোর্ড, বলেন তিনি।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন বুলবুল। তার মতে, এনএসসির এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আইনগত এখতিয়ার নেই। তারা চাইলে আমাদের ডেকে জিজ্ঞেস করতে পারত, সুপারিশ করতে পারত। কিন্তু বোর্ড ভেঙে দেওয়া তাদের ক্ষমতার মধ্যে পড়ে না, মন্তব্য করেন তিনি।

এদিকে, তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তবে এই প্রক্রিয়াকে স্বচ্ছ নয় বলেও দাবি করেছেন সাবেক এই অধিনায়ক।

তদন্ত কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলে বুলবুল বলেন, কিসের তদন্ত হয়েছে, রিপোর্টে কী আছে আমরা কিছুই জানি না। এই কমিটি কীভাবে গঠিত হলো, সেটাও অস্পষ্ট।

সবশেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্দেশে বুলবুল বলেন, তাকে (ক্রীড়া প্রতিমন্ত্রী) একটা কথা বলব, আপনি ভাই (দেশের) ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন।

বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক এই অস্থিরতা ভবিষ্যতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখন ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা