ঢাকা | মার্চ ২, ২০২৬ - ১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

আঞ্চলিক পরিষদ ছাড়তে সন্তু লারমাকে আহ্বান, নির্বাচনের চ্যালেঞ্জ এ এইচ এম ফারুকের

  • আপডেট: Sunday, March 1, 2026 - 7:53 pm

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক, সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষক এ এইচ এম ফারুক। একই সঙ্গে তিনি সন্তু লারমার বিরুদ্ধে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ এইচ এম ফারুক এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৯৮ সালে পাঁচ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে প্রায় ২৮ বছর ধরে বিনা নির্বাচনে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা গণতান্ত্রিক নীতির পরিপন্থী। তিনি অভিযোগ করেন, এটি পার্বত্য অঞ্চলের জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
এ এইচ এম ফারুক বলেন, আঞ্চলিক পরিষদের যেসব ধারা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো দ্রুত সংশোধন বা বাতিল করা প্রয়োজন। তিনি দাবি করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের আয়োজন করে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
সন্তু লারমার উদ্দেশ্যে তিনি বলেন, “যদি আপনার জনসমর্থন থাকে, তবে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় নিন। দীর্ঘদিন ধরে বিনা নির্বাচনে দায়িত্ব পালন না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াই উচিত।”
এ সময় তিনি ঘোষণা দেন, নির্বাচনের আয়োজন করা হলে তিনি নিজেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।
বিবৃতিতে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এখানে সকল জনগোষ্ঠীর ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করা জরুরি।
এ এইচ এম ফারুক খাগড়াছড়ি জেলার এক উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি, পার্বত্য ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক পরিষদের নির্বাচন আয়োজনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।